গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন   |   রাজশাহী

গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাঙ্গা বিওপির আওতাধীন বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, চাড়ালডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বড়বিল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক করা মালামাল আইনানুগ প্রক্রিয়ায় গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।



Advertisement
Advertisement
Advertisement