সোনারগাঁয়ে নিখোঁজের পর মিলল কসটেপে মোড়ানো অটোচালকের মরদেহ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোহেল নামে এক প্রতিবন্ধী অটোরিকশাচালকের কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের একটি দল উপজেলার মুছারচর এলাকার উত্তর পাড়া সড়কের ঢাল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত সোহেল সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি হাবিবুর রহমানের ছেলে। পারিবারিক জীবনে তিনি স্ত্রী রাজিয়া আক্তার ও দুই কন্যা সন্তানের জনক।
নিহতের স্ত্রী রাজিয়া আক্তার জানান, সোমবার দুপুরে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সোহেল। সন্ধ্যার পর একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও রাত আটটার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে জানতে পারেন, মুছারচর উত্তর পাড়া এলাকার একটি সড়কের পাশে তার স্বামীর মরদেহ পড়ে আছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, নিহত অটোচালকের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।