চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজি বহনকারী ২টি জাহাজ পৌঁছেছে

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন   |   চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজি বহনকারী ২টি জাহাজ পৌঁছেছে

প্রতিদিনের দেশ রিপোর্ট :

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী দুটি জাহাজ এসে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

বিপিসি জানায়, জাহাজ দুটি থেকে জ্বালানি খালাসের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে খালাস কার্যক্রম শুরু হবে। এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কারিগরি দল প্রস্তুত রাখা হয়েছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান, দেশের জ্বালানি মজুদ বাড়ানো এবং বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে এ আমদানি গুরুত্বপূর্ণ। খালাস কার্যক্রম তদারকিতে বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্দরে অবস্থান করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে মান যাচাইয়ের পরপরই জ্বালানি খালাস শুরু করা হবে। দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে বন্দর কর্তৃপক্ষ ও বিপিসি যৌথভাবে কাজ করছে।

বিপিসি সূত্র জানায়, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় নিয়মিত আমদানির মাধ্যমে সরবরাহ ব্যবস্থা সচল রাখার উদ্যোগ অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement