এক গ্রামের তিন সংসদ সদস্য: গহিরায় বিএনপির উৎসবের ঢেউ
প্রতিদিনের দেশ ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপি ও দুইটিতে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে তিনটি আসনে জয়ী বিএনপির প্রার্থীদের বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে। একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় বিরল এক নজির তৈরি হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াছ নুরী (মোমবাতি প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে বিএনপির সাঈদ আল নোমান ১৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে ১ লাখ ১৪ হাজার ৬৭৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৬৯ হাজার ৭৩৪ ভোট।ফলাফল ঘোষণার পর গহিরা গ্রামে আনন্দ-উল্লাস শুরু হয়।
স্থানীয়রা জানান, একই গ্রাম থেকে তিনজনের সংসদ সদস্য নির্বাচিত হওয়া এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন চলছে গ্রামজুড়ে।#