এনসিটি ইজারার প্রতিবাদে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন   |   চট্টগ্রাম

এনসিটি ইজারার প্রতিবাদে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রতিদিনের দেশ ডেস্ক :

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারীরা। বুধবার সকাল আটটা থেকে এ কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় আয়োজিত অবরোধ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। তিনি বলেন, আন্দোলনকে কেন্দ্র করে হুমকি, বদলি ও শাস্তিমূলক পদক্ষেপের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে এদিন সকাল আটটা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে এনসিটি, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থসহ বন্দরের সব টার্মিনালেই কার্যক্রম স্থগিত রয়েছে।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে এনসিটি জেটি বিদেশি কোম্পানির কাছে ইজারা না দেওয়া, বন্দর চেয়ারম্যানের পদত্যাগ এবং আন্দোলন সংশ্লিষ্ট সব বদলির আদেশ প্রত্যাহার। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। পরে মিছিলটি বন্দর অভিমুখে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়।

এদিকে একাধিক জাহাজ জেটিতে অপেক্ষমাণ থাকায় এবং পণ্য ওঠানামা বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, এতে আমদানি ব্যয় বাড়ছে এবং রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement