র‍্যাবের অভিযানে শ্রাবন্তী ধর্ষণ ও হত্যা মামলার মূল ২ আসামি আটক

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন   |   চট্টগ্রাম

র‍্যাবের অভিযানে শ্রাবন্তী ধর্ষণ ও হত্যা মামলার মূল ২ আসামি আটক

প্রতিদিনের দেশ রিপোর্ট :

চট্টগ্রামে ১২ বছরের শিশু শ্রাবন্তী ঘোষকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

নিহত শ্রাবন্তী ঘোষ সাতকানিয়া উপজেলার আমিলাইশ গ্রামের তপন ঘোষ ও রোজি ঘোষের মেয়ে। পরিবারসহ সে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করত।

র‍্যাব জানায়, গত ৩ জানুয়ারি ২০২৬ রাতে শ্রাবন্তী নিজ ভাড়াবাসায় ফিরে আসে। পরে রাত আনুমানিক পৌনে ১২টার দিকে তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, শ্রাবন্তীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ময়নাতদন্ত ও ধর্ষণ পরীক্ষা সম্পন্ন করা হয়।

এ ঘটনায় শ্রাবন্তীর মা রোজি ঘোষ বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রদীপ লাল ঘোষ ও অজয় সিংহসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান দুই অভিযুক্ত প্রদীপ লাল ঘোষ (৫২) ও অজয় সিংহ (২৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement