চট্টগ্রামের ৩ টি শেষ মুহূর্তে রদবদল
প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের তিনটি আসনে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্তে দুটি আসনে নতুন মুখ এবং একটি আসনে পুরোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-৪ আসনে প্রাথমিক মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। আসলাম চৌধুরীর অনুসারীদের ধারাবাহিক আন্দোলন ও দলীয় চাপের মুখে এই সিদ্ধান্ত আসে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আসনও বদল করা হয়েছে। তাকে চট্টগ্রাম-১০ থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, যে আসনটি আগে ফাঁকা রাখা হয়েছিল।
চট্টগ্রাম-১০ আসনে দলটি মনোনয়ন দিয়েছে প্রয়াত নেতা আব্দুল আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে। ২৭ ডিসেম্বর শনিবার
বিএনপি সূত্রে জানা গেছে, আসন বণ্টন নিয়ে দলটির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বিশেষ করে চট্টগ্রাম-১০ আসনে একাধিক প্রার্থীর আগ্রহ এবং স্থানীয় পর্যায়ের সমঝোতার কারণে শেষ পর্যন্ত প্রার্থী পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করে। পরবর্তী সময়ে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এই প্রক্রিয়ায় কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয় এবং ১৪টি আসনে শরিক দলের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
দলীয় সূত্র বলছে, নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসনগুলোতে এই পরিবর্তন আনা হয়েছে।