ঈদুল আজহা ২০২৬: রাজধানীতে ২৭টি হাটে কোরবানির পশু, নজরদারিতে অনলাইন ও মহাসড়ক

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন   |   কৃষি

ঈদুল আজহা ২০২৬: রাজধানীতে ২৭টি হাটে কোরবানির পশু, নজরদারিতে অনলাইন ও মহাসড়ক

ডেক্স নিউজ: 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় এবার কোরবানির পশুর জন্য নির্ধারিত ২৭টি হাট ছাড়া অন্য কোথাও কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না। আজ রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানিয়ে বলেন, রাজধানীর শৃঙ্খলা রক্ষা ও জনদুর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হবে। এবারের কোরবানিকে ঘিরে পশুর সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্ত্রী জানান, এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর মোট সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি, যেখানে কোরবানির চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। অর্থাৎ, চাহিদা মিটিয়ে এবার ২২ লাখ ২৭ হাজারেরও বেশি পশু উদ্বৃত্ত থাকবে, যার ফলে বাজারে পশুর কোনো সংকট হবে না। সীমান্ত পথে কোনো অবৈধ পশু যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি ও পুলিশের সমন্বয়ে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। এছাড়া, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে এবং প্রয়োজনে সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে। অনলাইন পশুর হাটের জনপ্রিয়তা ও সুবিধাকে গুরুত্ব দিয়ে মন্ত্রী আরও জানান, এবার ডিজিটাল প্ল্যাটফর্মে পশু কেনাবেচায় কোনো ধরনের খাজনা বা হাসিল দিতে হবে না।

রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতাভুক্ত নির্ধারিত ২৭টি হাটের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) এলাকায় বসছে ১৩টি হাট: গাবতলী (স্থায়ী হাট), উত্তরা ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকা, খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ণ হাউজিং ও কালশী বালুর মাঠ, মোহাম্মদপুরের বছিলা ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, বাড্ডা, খিলক্ষেত মস্তুল এলাকা, তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন এলাকা, ভাটারা (সাইদনগর) এলাকা, উত্তরা দিয়াবাড়ী, রায়েরবাজার, হাজারীবাগ, মিরপুর পল্লবী এবং গুলশান ও বাড্ডা এলাকা।

অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (DSCC) এলাকায় বসছে মোট ১৪টি হাট: সারুলিয়া (স্থায়ী হাট), পোস্তগোলা শ্মশান ঘাট সংলগ্ন এলাকা, খিলগাঁও মেরাদিয়া বাজার, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড, আমুলিয়া মডেল টাউন, লালবাগ রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড়, যাত্রাবাড়ী দনিয়া কলেজ মাঠ, ধোলাইখাল ট্রাক টার্মিনাল, মতিঝিল টিএন্ডটি কলোনির খালি জায়গা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ মাঠ, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন এলাকা, ডেমরা ও বাড্ডা এলাকা এবং ধানমন্ডি, বাড্ডা ও মগবাজার এলাকা।

চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে এরই মধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে, যা ঈদুল আজহা পর্যন্ত চলমান থাকবে। দেশের যেকোনো প্রান্ত থেকে পশু পরিবহন সহজতর করতে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

Advertisement
Advertisement
Advertisement