চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার কেনাকাটায় তুঙ্গে ক্রেতাদের ভিড়
স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ:
দুর্গাপূজা শুরু হতে দুই সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও চাঁপাইনবাবগঞ্জ শহরের বিপণিবিতানগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন মার্কেটে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। বিশেষ করে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে উপস্থিতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।
পোশাকের দোকানগুলোতে বেচাকেনা সবচেয়ে বেশি হচ্ছে।শহরের নিউমার্কেট, শহীদ সাটু কমপ্লেক্স, ক্লাব সুপার মার্কেট ও সেন্টু মার্কেট ঘুরে দেখা গেছে দোকানগুলোতে নতুন নতুন পোশাকের বিপুল সমাহার। পরিবারের সদস্যদের জন্য কেনাকাটার পাশাপাশি তরুণ-তরুণীরাও নিজেদের পছন্দের পোশাক নির্বাচন করছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন যে কয়েক দিন আগের তুলনায় পূজার পোশাক বিক্রি এখন গতি পেয়েছে। শুধু পোশাকই নয়, মেয়েদের জুয়েলারি, চুড়ি, সিঁদুর, জুতা ও স্যান্ডেলসহ নানা প্রসাধনী সামগ্রীর চাহিদাও বাড়ছে।
শহীদ সাটু কমপ্লেক্সের ফ্যাশন গ্যালারির স্বত্বাধিকারী পলাশ সিংহ জানান, ক্রেতাদের বয়স ও পছন্দ বিবেচনা করে তারা নানা ধরণের পোশাক সংগ্রহ করেছেন। সেখানে মেয়েদের মধ্যে সালোয়ার-কামিজের চাহিদা যেমন বেশি, তেমনি ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া ও প্যান্ট-শার্ট বিক্রি হচ্ছে। কেনাকাটা করতে আসা এক ক্রেতা জানান যে বর্তমানে পোশাকের দাম নাগালের মধ্যেই রয়েছে।
দিন যতো এগোবে, মার্কেটের ব্যস্ততা আরো বাড়বে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। শেষ সপ্তাহে পোশাকের পাশাপাশি পূজার অন্যান্য সামগ্রীর বিক্রি বহুগুণ বাড়বে বলে আশা প্রকাশ করছেন তারা।
আরো পড়ুন----ভোলাহাট সীমান্তের ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি