খুবির পাঁচ শিক্ষার্থী পেলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন   |   রাজশাহী

খুবির পাঁচ শিক্ষার্থী পেলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের পাঁচ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে ‘সাকু ছাত্র কল্যাণ বৃত্তি-২০২৬’ দেওয়া হয়

খুলনা ব্যুরো :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের পাঁচ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে ‘সাকু ছাত্র কল্যাণ বৃত্তি-২০২৬’ দেওয়া হয়েছে। ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সাকু) এ বৃত্তি দিয়েছে।

২৮ আগষ্ট শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ ব্যাচের পাঁচ শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. গোলাম হোসেন বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের আন্তরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বলেন, অ্যালামনাইদের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও নিজেদের প্রতিষ্ঠিত করে অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে—এটাই প্রত্যাশা।

সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মোহাম্মদ জাবের হোসেন এবং ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দীন অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাফায়েত হোসেন ইমন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. তাকদিউর রহমান মুকুট।

বক্তারা বলেন, বৃত্তি প্রদানের এ উদ্যোগ বড়দের পক্ষ থেকে ছোটদের প্রতি সহানুভূতি, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ। এ সহায়তা শিক্ষার্থীদের আর্থিক সংকট মোকাবিলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে। ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের সফলতার মাধ্যমে অ্যালামনাইদের এই ভালোবাসার প্রতিদান দেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।