মুক্তির আদেশের পর নতুন মামলায় ফের গ্রেপ্তার তুর্কি কমেডিয়ান

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন   |   জাতীয়

মুক্তির আদেশের পর নতুন মামলায় ফের গ্রেপ্তার তুর্কি কমেডিয়ান ডেনিজ গোকতাস । ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলাম ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অবমাননার অভিযোগে আটক এক তুর্কি কৌতুকশিল্পীকে আদালত মুক্তির নির্দেশ দেওয়ার পরই পৃথক মামলায় আবার গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তুরস্কের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

৩২ বছর বয়সী ডেনিজ গোকতাস অনলাইনে স্ট্যান্ডআপ পরিবেশনের মাধ্যমে লাখো দর্শকের কাছে পরিচিত। গত জুলাইয়ে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।

এরপর শুক্রবার আদালত তাঁর জুলাইয়ের আটকাদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে মুক্তির নির্দেশ দেন বলে বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছে।

তবে আদালতের ওই আদেশ কার্যকর হওয়ার আগেই গোকতাসের বিরুদ্ধে পৃথক একটি তদন্ত শুরু করেন সরকারি কৌঁসুলিরা। ফলে মুক্তি আর পাননি তিনি। বর্তমানে তাঁকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর চোরলুর একটি কারাগারে রাখা হয়েছে।

এনটিভির প্রতিবেদনে বলা হয়, একটি স্ট্যান্ডআপ পরিবেশনার সময় করা মন্তব্যের জেরে ‘অপরাধ ও অপরাধীর প্রশংসা’ করার অভিযোগে তাঁকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে।

গোকতাসের আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তাঁর গ্রেপ্তারের ঘটনা তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ানের সরকারের সমালোচকদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের মধ্যেই ঘটল। সাম্প্রতিক সময়ে দেশটির সংগীতশিল্পী, শিল্পী, সাংবাদিক ও রাজনীতিকদের বিরুদ্ধেও বিভিন্ন আইনি তদন্ত শুরু হয়েছে।