চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ
শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের ২০০ পিস যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি।চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানকারী দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছে তল্লাশি চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব যন্ত্রাংশের স্থানীয় বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
জব্দকৃত ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এর আগেও ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ
বিজিবি আরও জানায়, এর আগে গত ১ আগস্ট শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলা নামক স্থানে অভিযান চালানো হয়। ওই অভিযানে মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পাশে থেকে ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছিল।
চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।