জোট নিয়ে নেতানিয়াহুর দলে তোলপাড়, মানছেন না বেন গাভির
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি-সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক:
আসন্ন নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বান প্রত্যাখ্যান করেছেন কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। তাঁর সিদ্ধান্তে ক্ষমতাসীন লিকুদ পার্টির অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে। দলটির আশঙ্কা, ডানপন্থীদের ভোট ভাগ হলে আসন্ন নির্বাচনে তাদের জোট বড় ধরনের ধাক্কা খেতে পারে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির সম্প্রতি গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যা করা উচিত বলে মন্তব্য করে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েন। এবার তিনি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের সঙ্গে নির্বাচনে যৌথ তালিকায় লড়াইয়ের নেতানিয়াহুর আহ্বানও প্রত্যাখ্যান করেছেন।
লিকুদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শুক্রবার বেন গাভিরকে উদ্দেশ করে বলা হয়, তিনি কি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে একটি বিস্তৃত জাতীয় সরকার চান, নাকি ব্যক্তিগত স্বার্থে ডানপন্থীদের ভোট নষ্ট করে বামপন্থী সরকারকে ক্ষমতায় আনতে চান?
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা। এর আগে নেতানিয়াহু তাঁর কট্টর ডানপন্থী মিত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন। এর মধ্যে ক্ষমতাসীন জোটের বাইরে সাবেক সেনা কর্মকর্তা অফের ভিন্টারের প্রতিষ্ঠিত নতুন একটি কট্টর ডানপন্থী দল জনমত জরিপে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভিন্টারের উত্থান স্মোটরিচের সমর্থক ঘাঁটি থেকে ভোট টেনে নিতে পারে। এতে স্মোটরিচের ‘রিলিজিয়াস জায়নিজম’ দলটি ৩ দশমিক ২৫ শতাংশের নির্বাচনী সীমা পার হতে ব্যর্থ হতে পারে, যদি না তারা অন্য কোনো দলের সঙ্গে যৌথ তালিকায় নির্বাচন করে।
ভিন্টার নিজেও ধর্মীয় ডানপন্থী শিবিরের রাজনীতিক। তবে আল্ট্রা-অর্থডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে ক্ষমতাসীন জোটের সমালোচনা করে আসছেন তিনি। নেতানিয়াহুর সরকার আল্ট্রা-অর্থডক্স দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, স্মোটরিচ ও বেন গাভিরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর দাবি, যখন তাঁরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছেন, তখন জিতেছেন; আলাদাভাবে লড়লে হেরেছেন।
স্মোটরিচ নেতানিয়াহুর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক্সে তিনি লেখেন, ‘জাতীয় শিবিরে ঐক্য ও দায়িত্বশীলতার সময় এসেছে।’
শুক্রবার সকালে নেতানিয়াহু বেন গাভির ও স্মোটরিচকে রোববার বৈঠকে বসার আমন্ত্রণ জানান। এক্সে তিনি লিখেছেন, ‘একটি ভোটও নষ্ট করা যাবে না; ডানপন্থী জোটকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
তবে বেন গাভির অভিযোগ করেছেন, নেতানিয়াহু তাঁর ডানপন্থী জনতুষ্টিবাদী দল ‘জিউইশ পাওয়ার’-কে দুর্বল করতে চাইছেন। জনমত জরিপে দলটি নিয়মিত সাত থেকে আটটি আসন পাওয়ার অবস্থানে রয়েছে, যা নির্বাচনী সীমার তুলনায় যথেষ্ট বেশি।
বেন গাভির এক্সে লিখেছেন, সব জরিপ অনুযায়ী, স্মোটরিচের সঙ্গে যৌথভাবে নির্বাচন করলে তাঁর দল তিন থেকে চারটি সংসদীয় আসন হারাতে পারে।
একসময় মূলধারার রাজনীতিকদের কাছে বর্জিত এই দুই কট্টর জাতীয়তাবাদী দলই এখন নিজেদের স্বাতন্ত্র্য ধরে রাখতে আগ্রহী। এতে তারা জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পায় এবং ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ লিকুদের নেতৃত্ব অনুসরণ না করে নিজেদের কঠোর রাজনৈতিক অবস্থান এগিয়ে নিতে পারে।
বেন গাভির বরং নেতানিয়াহুকে ভিন্টার ও স্মোটরিচের মধ্যে একটি যৌথ নির্বাচনী তালিকা গঠনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে বেন গাভির ও স্মোটরিচ দুইবার একসঙ্গে নির্বাচনে অংশ নিয়েছেন। ২০২১ সালের নির্বাচনে তাঁদের যৌথ তালিকা ছয়টি আসন পায়। ২০২২ সালের নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪-তে। ওই নির্বাচনেই বর্তমান সংসদ গঠিত হয়। পরে জোটটি ভেঙে স্মোটরিচের ‘রিলিজিয়াস জায়নিজম’ ও বেন গাভিরের ‘জিউইশ পাওয়ার’ আলাদা হয়ে যায়; দুই দলই সাতটি করে আসন পায়।