ইরানের বিরুদ্ধে ‘বিজয় খুব কাছে’, চুক্তির সুযোগ দেওয়ার কথা ট্রাম্পের

অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ‘বিজয় খুব কাছে’, চুক্তির সুযোগ দেওয়ার কথা ট্রাম্পের মার্কিন সেনাসদস্যদের সঙ্গে থ্যাংকসগিভিং উপলক্ষে ফোনে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- রয়টার্স

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আরও প্রাণহানি এড়াতে তেহরানকে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে ওই ফোনালাপে তিনি বলেন, যুদ্ধের বিজয় কখন ঘোষণা করা হবে, সেটি মূলত তাঁর সিদ্ধান্তের বিষয়।

ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি যখন চাইব, তখনই এটি হবে।’

ইরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতির আরও অবনতি ও প্রাণহানি ঠেকাতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানকে সুযোগ দেওয়া হচ্ছে।

ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র ‘ভালো আচরণ করার চেষ্টা করছে’ এবং একটি চুক্তির মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা করার সুযোগ ইরানকে দেওয়া হচ্ছে। তবে তেহরান শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

তিনি আরও বলেন, কেউ কেউ প্রশ্ন করছেন যুক্তরাষ্ট্র কেন এমন উদ্যোগ নিচ্ছে। এ প্রসঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, ‘তারা কি পাগল? হয়তো তাই।’

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে সমঝোতায় পৌঁছানোর যে প্রচেষ্টা চলছে, তা এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনা থাকলেও যুদ্ধ বন্ধের বিষয়ে চূড়ান্ত সমঝোতার কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।