পশ্চিম তীরে তিন বছরে ৯০০ অগ্নিসংযোগ

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

পশ্চিম তীরে তিন বছরে ৯০০ অগ্নিসংযোগ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, সম্পত্তি, যানবাহন ও বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক বাহিনী অন্তত ৯০০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে একটি ফিলিস্তিনি পর্যবেক্ষক সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

২০২৩ সালের শুরু থেকে চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, সম্পত্তি, যানবাহন ও বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক বাহিনী অন্তত ৯০০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে একটি ফিলিস্তিনি পর্যবেক্ষক সংস্থা।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে এসব ঘটনার ৭৯৯টির, অর্থাৎ মোট ঘটনার ৮৮ দশমিক ৮ শতাংশের, সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বাকি ১০১টি ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর সংশ্লিষ্টতার কথা জানিয়েছে ফিলিস্তিনের উপনিবেশ স্থাপন ও দেয়াল প্রতিরোধ কমিশন।

সংস্থাটি তাদের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। এসব ঘটনা মানুষের নিরাপত্তা, সম্পত্তি ও জীবিকার ওপর ব্যাপক প্রভাব ফেলছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছরই অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। ২০২৩ সালে ২১৭টি, ২০২৪ সালে ২৬৪টি এবং ২০২৫ সালে ৩০৭টি ঘটনা নথিভুক্ত করা হয়। চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত আরও ১১২টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে।

নথিভুক্ত মোট ঘটনার ৬১ দশমিক ৩ শতাংশ, অর্থাৎ ৫৫২টি, ঘটেছে পশ্চিম তীরের নাবলুস এবং রামাল্লা ও আল-বিরেহ গভর্নরেটে। এসব এলাকায় হামলার ঘনত্ব এবং বছরভিত্তিক ঘটনা বৃদ্ধিকে ফিলিস্তিনি কমিশন ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে একটি সংগঠিত ও পরিকল্পিত অভিযানের ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের চলাচলে বিধিনিষেধও বেড়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটানো বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে পশ্চিম তীরের ‘এরিয়া সি’-তে বেদুইন ও পশুপালননির্ভর জনগোষ্ঠীগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ এলাকা ‘এরিয়া সি’, যা পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে।

ওসিএইচএর হিসাবে, ২০২৬ সালের জুলাইয়ের শেষ নাগাদ ওই বছরেই বসতি স্থাপনকারীদের এমন ১ হাজার ৩৮০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ৬ দশমিক ৬টি হামলা হয়েছে। এতে ২৫০টির বেশি ফিলিস্তিনি জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে।

বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের নিহত হওয়ার সংখ্যাও ২০২৬ সালে বেড়েছে বলে জানিয়েছে ওসিএইচএ। ২০ জুলাই পর্যন্ত এসব হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে পুরো ২০২৫ সালে নিহতের সংখ্যা ছিল ১৭।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি বাহিনীর দায়ই বেশি।