নাচোলে ১৬৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে ১৬৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কৃতিত্বের স্বীকৃতি পেল নাচোলের ১৬৫ শিক্ষার্থী

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘নাচোল ইউথ সোসাইটি’র উদ্যোগে ২০২৬ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত এবং ৫ম শ্রেণির ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমাজসেবক মোজাম্মেল হক। পৌর জামায়াতের নায়েবে আমীর ডা. রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

​অনুষ্ঠানে নাচোল উপজেলার ১২০ জন জিপিএ-৫ প্লাস প্রাপ্ত এবং ৪৫ জন ৫ম শ্রেণির ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ মোট ১৬৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান ইউথ সোসাইটিকে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আয়োজনটিকে আরও সার্বজনীন করতে নাচোলের অন্যান্য কৃতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমাদের এই অর্জন ধরে রাখতে প্রতিদিন অন্তত ৪ ঘণ্টা লেখাপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আগামীতে তোমরাই এই দেশের নেতৃত্ব দেবে। সাধারণ মানুষ তোমাদের মতো মেধার দিকে চেয়ে আছে—তোমরাই পারবে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও ঘুষমুক্ত এক সুশৃঙ্খল সোনার বাংলাদেশ গড়তে।"

​বক্তব্যে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, তিনি এসএসসি/দাখিলে সর্বোচ্চ ১২০৮ নম্বর পাওয়া নাচোল সরকারি খ ম উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীকে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা এবং ৫ম শ্রেণির ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে নগদ পুরস্কারের ঘোষণা দেন। এছাড়াও আগ্রহী শিক্ষার্থীদের সংসদ ভবন দেখার আহ্বান জানান । 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, জামায়াতের উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

​বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, "মোবাইলের আসক্তি অনেক মেধাবীকে ধ্বংস করে দিচ্ছে। প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।" মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান শিক্ষার্থীদের নাচোলের গৌরব আখ্যা দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অব্যাহত রাখার আহ্বান জানান।