নেপালে ভয়াবহ বন্যা: মৃত ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার
ছবি-সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক:
নেপালে আকস্মিক বন্যা ও এর
ফলে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে বন্যায় মৃতের
সংখ্যা বেড়ে ৬১৬ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ
রয়েছেন ১ হাজার ৯২৪ জন। স্থানীয় পুলিশের
তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
দুর্যোগে আহত অবস্থায়
বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ১ হাজার ৫৪৫
জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গত অঞ্চলে নিখোঁজদের সন্ধানে
উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর
তথ্য অনুযায়ী, নেপালের চিতওয়ান জেলায়
সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২৩৩ জনের মরদেহ
পাওয়া গেছে। নাওয়ালপরাসি ইস্টে ১৫৪, গোরখায় ৪৬, ধাদিংয়ে ৪০, নুয়াকোটে ৩৭, তানাহুতে
৩০, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭ এবং রাসুয়ায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে নেপালের ন্যাশনাল
ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্যায় ৫৭৯
জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার অভিযান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃতের
সংখ্যা আরও বেড়েছে।
সীমান্তেও
নিখোঁজ বহু ভারতীয়
নেপাল-তিব্বত সীমান্তবর্তী
এলাকায় বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,
সীমান্ত এলাকায় অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন।
পাশাপাশি চীনের অংশে প্রায় ৪০০ ভারতীয় আটকা পড়েছেন বলে জানা গেছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে,
তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিখোঁজদের
মধ্যে নিরাপত্তাকর্মী ও পর্যটকও
গত বুধবার সকালে নেপালের
রাসুয়া ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। এরপর থেকে নিখোঁজদের তালিকায় ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭
জন নেপালি পর্যটক রয়েছেন।
দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে। নিখোঁজ
ব্যক্তিদের সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে
কাজ করছেন উদ্ধারকর্মীরা।