শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
মোঃআশরাফুল ইসলাম প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মৃত গুদোর মণ্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, আসরের নামাজ আদায় শেষে ফজলুর রহমান মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটিকে শনাক্তের চেষ্টা চলছে।