ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ মা-ছেলেসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ভোলাহাট উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযুক্তদের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা এবং ২৪ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন সুরানপুর গ্রামের বাসিন্দা মোসা. তাজেনুর বেগম (৫৩), তার ছেলে মো. সাবিরুল ইসলাম (৩১) এবং মোসা. ববিতা খাতুন (২৫)।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।