সুন্দর লেখার অভ্যাস গড়ে তুলতে শিবগঞ্জে আলোচনা সভা

 প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন   |   রাজশাহী

সুন্দর লেখার অভ্যাস গড়ে তুলতে শিবগঞ্জে আলোচনা সভা

আসিফ মোল্লা, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

শিশু-কিশোরদের সুন্দর হাতের লেখা চর্চা, শুদ্ধ লিখনশৈলী এবং লেখার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) রাণীহাটি ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের বিষয় ছিল “সুন্দর হাতের লেখা—শিখন ও লিখন”। অনুষ্ঠানের আয়োজন করে রাণীহাটি সাধারণ পাঠাগার।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মো. এমদাদুল হক। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগেও সুন্দর ও শুদ্ধ হাতের লেখা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, মনোযোগ এবং সৃজনশীলতার গুরুত্বপূর্ণ পরিচায়ক। শিক্ষার্থীদের নিয়মিত লেখার চর্চার মাধ্যমে এ দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মোজিবুর রহমান। এ সময় এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুন্দর হাতের লেখা শুধু পরীক্ষার ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলে না; বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, ধৈর্য ও নান্দনিকতা বিকাশেও সহায়তা করে। তাই নতুন প্রজন্মকে নিয়মিত লেখার চর্চায় উৎসাহিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সুন্দর হাতের লেখা চর্চা বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

Advertisement
Advertisement
Advertisement