বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে নবম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ সাইম মুস্তাকিম (১৭) হত্যাকাণ্ডের অন্যতম আসামী লিখন মন্ডলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ
রাকিবুল হাসান :
শুক্রবার (২২ মে) দিবাগত রাতে সারিয়াকান্দি থানা পুলিশের একটি বিশেষ দল ঘুঘুমারী মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের মাঝে সামান্য 'ফাউল' করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এই বিরোধের জেরে ২১ মে দুপুরে ঘুঘুমারী এলাকায় মুস্তাকিমের ওপর অতর্কিত হামলা চালায় আসামীরা। বুক ও মাথায় ধারালো বার্মিজ চাকু এবং ভারী কাঠের বাটাম দিয়ে উপর্যুপরি আঘাতের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুস্তাকিম।
এই বর্বরোচিত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ৩ নং আসামি করা হয়েছিল লিখনকে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত লিখনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার মূল পরিকল্পনাকারী শাহাদত হোসেনসহ বাকি পলাতকদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।