শ্যামনগরে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, প্লাবনের শঙ্কা

 প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন   |   রাজশাহী

শ্যামনগরে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, প্লাবনের শঙ্কা

খুলনা ব্যুরো :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাদিয়া এলাকায় খোলপেটুয়া নদীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত ৮ থেকে ১০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সকালে মাদিয়া এলাকার দূর্গাবাটী মন্দিরসংলগ্ন নদীর চরে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়। এরই মধ্যে প্রায় ২৫০ ফুট এলাকা ঝুঁকির মধ্যে পড়েছে।

ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলতে শুরু করেছে বলে জানা গেছে। তবে নদীর তীব্র স্রোত ও জোয়ারের কারণে ভাঙন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

এলাকাবাসী জানান, এই অংশ দিয়ে বেড়িবাঁধ ভেঙে গেলে আশপাশের অন্তত ৮ থেকে ১০টি গ্রাম নোনা পানিতে প্লাবিত হবে। এতে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসলি জমি, মাছের ঘের ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য নীলকান্ত রফতান বলেন, “দূর্গাবাটী মন্দিরসংলগ্ন এলাকায় যেভাবে ভাঙন শুরু হয়েছে, দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগ দেখা দিতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে।”

শনিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের উদ্যোগে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পাউবোর দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement