ঈদের আনন্দ পৌঁছালো দুস্থের ঘরে — নাচোলে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরণ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১৫০ জন উপকারভোগীর প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সবসময় দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম এখন আরও স্বচ্ছ ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের হাতে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এবার যারা সহায়তা পেয়েছেন, ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য অসচ্ছল পরিবারকেও এই ধরনের সহায়তার আওতায় আনা হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, সেক্রেটারি খলিলুর রহমান, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলার সকল প্রকৃত অভাবী মানুষকে ধাপে ধাপে সরকারি সহায়তা কর্মসূচির আওতায় আনার আশ্বাস প্রদান করেন।