মরিয়ম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম বেগম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী ও সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, মরিয়ম বেগম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা অভিযোগ করেন, একজন শিক্ষিকার জীবনের মূল্য মাত্র কয়েক হাজার টাকায় নির্ধারণ করা যায় না। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে আতঙ্ক সৃষ্টি করছে।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা নিহত মরিয়ম বেগমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।