সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৪ জন আটক, উদ্ধার ২৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট
মোঃ রাকিব হাসান, সারিয়াকান্দি,বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে দুই পেশাদার মাদক ব্যবসায়ী ও দুই চুরির আসামিসহ মোট চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৭ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, সারিয়াকান্দি থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চর গোসাইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুল হাকিম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি চর গোসাইবাড়ী এলাকার বাসিন্দা।
এদিকে চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল ঘুঘুমারী এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুর রাজ্জাক (২৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার বাড়ি ঘুঘুমারি শেখপাড়া এলাকায়।
অন্যদিকে, থানা পুলিশের চোরাই মালামাল উদ্ধার টিম নিয়মিত চুরি মামলার তদন্তে জড়িত থাকার অভিযোগে মোঃ শাকিল মিয়া (২৭) ও মোঃ শরিফুল ইসলাম সোহাগ (৩০)-কে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে চারজনকেই বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়। থানার রেকর্ড যাচাই করে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও চুরির মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে বিশাল জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও তদন্ত কার্যক্রম পরিচালনায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
পুলিশ আরও জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে থানা পুলিশ। পাশাপাশি তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার বিষয়েও পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়।