সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীসহ ০৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আটক
মোঃ রাকিব হাসান, সারিয়াকান্দি,বগুড়া:
সারিয়াকান্দি থানা পুলিশের গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ীসহ মোট ০৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের ওয়ারেন্ট তামিল অভিযান দল শোলারতাইড় এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (পিতা- মোঃ ফরিদ উদ্দিন সরকার, সাং- শোলারতাইড় (সরকারপাড়া))কে আটক করে।
অপরদিকে, সারিয়াকান্দি থানার ওয়ারেন্ট তামিল অভিযান দল পৌর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (মিজু) (পিতা- মৃত ইয়াদ আলী সরদার, সাং- কুপতলা, সাহাপাড়া) এবং সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রনি মিয়া (২২) (পিতা- হবিবর প্রাং, সাং- হিন্দুকান্দি কলোনীপাড়া, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া)-কে আটক করে।
আটককৃত ব্যক্তিদের থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে থানা এলাকার ব্যাপক পরিধি ও অধিক জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, তদন্ত কার্যক্রম এবং অন্যান্য দায়িত্ব পালনে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে উল্লেখ করে স্থানীয় জনগণকে অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য প্রদানে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যক্রম প্রতিরোধে এলাকাভিত্তিক সমন্বিত উদ্যোগ গ্রহণে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, জনগণের দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষায় সারিয়াকান্দি থানা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।