বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন   |   রাজশাহী

বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ  সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রোববার (১৭ মে) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ বিলভাতিয়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ নওশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/২-এস এর প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিল এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement
Advertisement