অনলাইন জুয়ার কবলে চাটমোহর উপজেলা

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন   |   রাজশাহী

অনলাইন জুয়ার কবলে চাটমোহর উপজেলা

মোঃআশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ

 চাটমোহর  একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত চাটমোহর উপজেলার পৌর এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সর্বত্রই ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার ভয়াল থাবা। দিনে-রাতে চলছে এই অপতৎপরতা, যার ফলে হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়ছে।

পৌরসদরের বিভিন্ন পয়েন্টসহ উপজেলার চায়ের দোকান, ফাঁকা জায়গা ও নির্জন স্থানে প্রতিনিয়ত বসছে জুয়ার আসর। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে জুয়ার চক্র। সারাদিন কাজে-কর্মে ব্যস্ত থাকলেও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই খেলা। তিন-চারজনের ছোট ছোট গ্রুপ করে মোবাইলে জুয়া খেলা চলে রাতভর। অনেকে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে, আবার অনেকে গুগল ক্রোমের মাধ্যমে কোনো অ্যাপ ছাড়াই সরাসরি জুয়ায় অংশ নিচ্ছেন।

ছোট-বড় সব বয়সের মানুষ এখন এই আসক্তির শিকার। একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, “সারাদিন কঠোর পরিশ্রম করে ৬০০ টাকা আয় করি, কিন্তু সবই চলে যায় অনলাইন জুয়ায়। নিঃস্ব হয়ে গেছি।” এমন অভিজ্ঞতা এখন উপজেলার অনেকের।

সামাজিক অবক্ষয় ও পারিবারিক অশান্তি

অনলাইন জুয়ার কারণে পারিবারিক কলহ, ঋণের জাল ও নানা সামাজিক জটিলতা বেড়েই চলেছে। অনেক পরিবারের অভিভাবক জুয়ায় আসক্ত হওয়ায় সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, সংসার ভেঙে পড়ছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, “লাগাম টেনে না ধরলে এই জুয়া সমাজ ও দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।”

উপজেলার প্রত্যন্ত ইউনিয়নগুলোতেও একই চিত্র। যেখানে আগে সন্ধ্যার পর শান্ত পরিবেশ বিরাজ করত, সেখানে এখন জুয়ার আড্ডা চলছে অবাধে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।

চাটমোহরের এই পরিস্থিতি শুধু একটি উপজেলার সমস্যা নয়, বরং দেশব্যাপী অনলাইন জুয়ার বিস্তারেরই একটি উদাহরণ। যথাযথ আইনি ব্যবস্থা ও জনসচেতনতা না বাড়লে এই অপরাধী চক্র আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement