চাহিদার চেয়ে প্রায় ৫৯ হাজার বেশি পশু প্রস্তুত, ব্যস্ত সময় পার করছেন খামারিরা
মোঃ আশরাফুল ইসলামচাঁপাইনবাবগঞ্জ:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বেচাকেনা। জেলার পাঁচটি উপজেলায় খামার ও পারিবারিক পর্যায়ে গরু, ছাগল, ভেড়া ও মহিষ লালন-পালনে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা।
সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন পশুর হাটে ইতোমধ্যেই বাইরের জেলা থেকে পাইকাররা পশু কিনতে আসছেন। একই সঙ্গে স্থানীয় ক্রেতারাও নিজেদের পছন্দের পশু কেনার প্রস্তুতি নিচ্ছেন। ফলে হাট-বাজারগুলোতে এখন থেকেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ বছর চাঁপাইনবাবগঞ্জে কোরবানির পশুর সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি। এতে করে স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে পশু সরবরাহেরও সম্ভাবনা তৈরি হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার পাঁচ উপজেলায় মোট ২ লাখ ২৬ হাজার ৫০টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে, সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২০২টি। সে হিসাবে জেলায় উদ্বৃত্ত থাকছে ৫৮ হাজার ৮৪৮টি পশু।
প্রস্তুত পশুর মধ্যে রয়েছে—
- ৪৩ হাজার ৮২৪টি ষাঁড়
- ৩৬ হাজার ৩৩১টি বলদ
- ৩৬ হাজার ৮৫৫টি গাভী
- ৫০৬টি মহিষ
- ৮৪ হাজার ৮০১টি ছাগল
- ১২ হাজার ৯২২টি ভেড়া
- এছাড়াও রয়েছে আরও ৫টি অন্যান্য পশু।
স্থানীয় খামারিরা আশা করছেন, এবারের ঈদে পশুর ন্যায্যমূল্য পাওয়া গেলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।