ফেসবুকে অপপ্রচারের অভিযোগে স্কুলশিক্ষকের পাশে অভিভাবকরা, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক সহকারী শিক্ষককে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও কুরুচিপূর্ণ প্রচারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষক ও অভিভাবকরা বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
উপজেলার তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত অভিভাবকরা দাবি করেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন সেলিম রেজা। বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি অভিভাবকদের অনুরোধে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর কাজও করে থাকেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ১০ মে সেলিম রেজা নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে জোরপূর্বক তার নাম বলাতে চাপ প্রয়োগ করা হয়েছিল বলেও দাবি করেন কয়েকজন অভিভাবক।
সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক সেলিম রেজা বলেন, কিছু ভুয়া ফেসবুক আইডি ও পেইজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তিনি এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক হুমাইরা খাতুন, রেজাউল করিমসহ অর্ধশতাধিক অভিভাবক ও শিক্ষার্থী।
অন্যদিকে, ঘটনার বিষয়ে ভোলাহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লা জানান, পরীক্ষা চলাকালে আলাদা কোনো প্রশ্নপত্র বা প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।