নাচোলে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। কার্যক্রম চলাকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং চারপাশের পরিবেশ ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এসময় তাঁরা চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান নিয়ে কথা বলেন। নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, ওসি সুকোমল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন ও পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, কেবল একদিনের কর্মসূচি নয়, সুস্থ থাকার জন্য হাসপাতালসহ নিজস্ব আঙ্গিনা সর্বদা পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাসপাতালের কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।