তনু হত্যা মামলা: আদালতে হাজির অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর, ফের কারাগারে প্রেরণ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। মামলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে উপস্থাপন করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটির নির্ধারিত
তারিখ থাকায় হাফিজুর রহমানকে কারাগার থেকে আদালতে আনা হয়। তবে এদিন তার পক্ষে কোনো
জামিন আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত তাকে পুনরায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে
পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো.
তারিকুল ইসলাম জানান, এটি মামলার নিয়মিত বিচারিক প্রক্রিয়ার অংশ। তদন্তের স্বার্থে
সংগ্রহ করা হাফিজুর রহমানের ডিএনএ নমুনার পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে আসেনি। প্রতিবেদন
পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য
সন্দেহভাজনদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ২২ এপ্রিল তদন্ত কর্মকর্তা হাফিজুর
রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের
রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে রাজধানীর কল্যাণপুরে পিবিআইয়ের বিশেষ ইউনিটে নিয়ে জিজ্ঞাসাবাদ
করা হয়। রিমান্ড শেষে ২৫ এপ্রিল আদালতে উপস্থাপন করা হলে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে
পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও বিচার নিশ্চিতের দাবিতে দীর্ঘদিন ধরে দেশজুড়ে বিভিন্ন মহলে আলোচনা ও আন্দোলন চলে আসছে।