যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি; যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন   |   জাতীয়

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি; যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী যাত্রী ও শ্রমিকদের ব্যাপক যাতায়াতের কারণে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকাগামী অংশে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার ভোর থেকে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ি ওভারব্রিজ পর্যন্ত কয়েকটি স্থানে যান চলাচল ধীরগতিতে পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক গার্মেন্টস শ্রমিক একযোগে রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়ায় মহাসড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া সম্প্রতি যমুনা সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হওয়া এবং বিরূপ আবহাওয়ার প্রভাবও যান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের অতিরিক্ত চাপ, বৃষ্টিপাত এবং সেতুর ওপর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে সাময়িকভাবে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেতু কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় যান চলাচল দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

সড়ক ব্যবহারকারীদের ধৈর্য ধারণ এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement