সীমান্তে বিএসএফের একাধিক পুশইন প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি
স্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে অবৈধভাবে ব্যক্তিদের প্রবেশ করানোর (পুশইন) অন্তত আটটি পৃথক প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিজিবি সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকায় তিন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের অগ্রযাত্রা রোধ করেন। পরবর্তীতে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।
এদিকে নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৭ জন এবং লালমনিরহাটের বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় ২১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়।
লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে পুশইনের অপচেষ্টা চালানো হলেও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে এসব ব্যক্তি ভারতীয় সীমান্তের কাঁটাতারবিহীন চরাঞ্চলে অবস্থান করছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সেখানে নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে।
অপরদিকে পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্ত এলাকায় ১০ জন ব্যক্তিকে কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানোর ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও তাদের দাবির সমর্থনে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এ বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এছাড়া নেত্রকোনার কচুগড়া সীমান্তসংলগ্ন ভারতের আসাম রাজ্যের একটি এলাকায় পূর্বে অবস্থানরত ১৬ থেকে ১৭ জন ব্যক্তিকে বিজিবির কঠোর অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।
বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে এবং সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রচেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।