বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে জামায়াত আমির ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন   |   জাতীয়

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে জামায়াত আমির ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎ শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নিকট পৌঁছে দেওয়ার জন্য একটি শুভেচ্ছাবার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের হাতে তুলে দেন জামায়াত আমির।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল ও সেলিম উদ্দিন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

Advertisement
Advertisement
Advertisement