প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ছবি-সংগৃহীত

সফি রহমান:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়া উদ্যানে যান। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে জড়ো হন। এ সময় তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং নানা স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শনকে সামনে রেখে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।