ইরানের ওপর চাপ বাড়াতে ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ইরানের ওপর চাপ বাড়াতে ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে চলেছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অচলাবস্থায় থাকায় চলতি সপ্তাহেই আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে ওয়াশিংটন।

রোববার মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে কোন ব্যাংককে লক্ষ্য করা হবে, তা জানাননি তিনি।

রয়টার্সকে দেওয়া আরেক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে কোনো প্রতিষ্ঠানকে পুরোপুরি ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হতে পারে। তাঁর ভাষায়, প্রতি সপ্তাহেই এ ধরনের আরও পদক্ষেপ দেখা যেতে পারে।

বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ব্যাংকগুলোকে স্পষ্ট করে জানাচ্ছে-ইরানের অর্থ গ্রহণ করা কিংবা দেশটির সরকারকে সহায়তা করা মেনে নেওয়া হবে না।

কয়েক দিন আগেই ওয়াশিংটন জানিয়েছিল, মিশরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক বাস্ক মিসরের কার্যক্রমকে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে। ইরান সরকারের সঙ্গে ব্যবসা করার অভিযোগে ব্যাংকটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর এই অভিযানকে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অভিহিত করেছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থমকে থাকার মধ্যেই তেহরানকে ওয়াশিংটনের দাবিতে রাজি করাতে এই চাপ জোরদার করা হচ্ছে।

গত সপ্তাহে ইরানের তেল থেকে আয়, অস্ত্র সংগ্রহ এবং সাইবার কর্মকাণ্ডে সহায়তাকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রায় ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়।

তবে ইরান এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। দেশটির অর্থ ও অর্থনৈতিকবিষয়ক মন্ত্রী আলি মাদানিজাদেহ বলেছেন, নতুন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে।

এদিকে রোববার সংঘাতে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে। জুলাইয়ের শেষ দিকের পর এই প্রথম বড় ধরনের সামরিক হামলার ঘটনা ঘটে। দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানের বিরুদ্ধে সহযোগিতা চায় ওয়াশিংটন

জি-২০ জোটের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের বৈঠকে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। বৈঠকের আগে বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবেন বেসেন্ট।

চীনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে ইরান ইস্যুতে আলোচনা করবেন তিনি। তেহরানের সঙ্গে চীনের বাণিজ্য অব্যাহত থাকায় বেইজিংয়ের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার সব ধরনের সুযোগ খোলা রয়েছে বলে জানিয়েছেন বেসেন্ট।

চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে-এমন ধারণা নাকচ করে তিনি বলেন, গণমাধ্যমে এমন একটি ‘সম্পূর্ণ ভুল ধারণা’ ছড়িয়ে পড়েছে।

বেসেন্টের দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে মতৈক্য রয়েছে।

সূত্র: আলজাজিরা