সাইপ্রাসে ফেরিডুবি, ক্যাপ্টেনসহ আটক ৮

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সাইপ্রাসে ফেরিডুবি, ক্যাপ্টেনসহ আটক ৮ ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর সাইপ্রাসের উপকূলে ভূমধ্যসাগরে একটি ফেরি ডুবে অন্তত আটজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১৮ যাত্রী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে ফেরিটির ক্যাপ্টেন ও সাত ক্রু সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর সাইপ্রাসের কিরেনিয়া বন্দর থেকে ফেরিটি যাত্রা শুরু করে। উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে যাওয়ার পর সেটিতে পানি ঢুকতে শুরু করে। পরে ফেরিটি উল্টে ডুবে যায়।

দুর্ঘটনার সময় ফেরিতে কতজন ছিলেন, তা নিয়ে কর্মকর্তাদের বক্তব্যে কিছুটা ভিন্নতা রয়েছে। উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট তুফান এরহুরমান জানিয়েছেন, ক্রুসহ ২৬৭ জন ফেরিতে ছিলেন। তাঁদের মধ্যে ২৪১ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ফেরিতে মোট ২৭০ জন ছিলেন।

পুলিশ ক্যাপ্টেনসহ আটজনকে আটক করেছে। যাত্রীদের কয়েকজন অভিযোগ করেছেন, ফেরিটির দরজা বন্ধ ছিল এবং ক্যাপ্টেন জাহাজ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আরও কয়েকজনের দাবি, বন্দর ছাড়ার কিছুক্ষণ পরই ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে। বিষয়টি ক্রুদের জানানো হলেও তাঁরা সতর্কবার্তায় গুরুত্ব দেননি।

উত্তর সাইপ্রাসের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি বলেছেন, পুলিশের তদন্তের পাশাপাশি তাঁর মন্ত্রণালয় থেকেও আলাদা তদন্ত করা হবে।

তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিখোঁজ ১৮ জনকে উদ্ধারে। উত্তর সাইপ্রাসের কোস্টগার্ডের নেতৃত্বে সাগরে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু হয়েছে। কোস্টগার্ড পাঁচটি পাইলটিং ইউনিট, দুটি হেলিকপ্টার ও কয়েকটি যাত্রীবাহী জাহাজ মোতায়েন করেছে। তুরস্কের নৌবাহিনীও ছয়টি নৌযান পাঠিয়েছে।

উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট এই ঘটনাকে সাইপ্রাসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নৌদুর্ঘটনা বলে বর্ণনা করেছেন। দুর্ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, উদ্ধার অভিযানে তাঁর দেশ সব ধরনের সামর্থ্য কাজে লাগাচ্ছে।

ফেরিটি ডুবে যাওয়ার সময় ক্যাপ্টেন জরুরি বার্তা পাঠান। এরপর কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকারী দল পাঠায়। তুর্কি টেলিভিশনে প্রচারিত ছবিতে পানিতে উল্টে থাকা ফেরিটির কমলা রঙের তলায় লাইফ জ্যাকেট পরা কয়েকজনকে দেখা যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল পরিষ্কার।

উত্তর সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। ভূখণ্ডটির হাসপাতালগুলোকে সতর্ক রাখা হয়েছে।

উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় শুধু তুরস্ক। দ্বিখণ্ডিত সাইপ্রাস দ্বীপের এক-তৃতীয়াংশেরও কম এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আলজাজিরা