ইউরোপের ডানপন্থী গণমাধ্যমে ২৫ মিলিয়ন ডলার দেবে ট্রাম্প প্রশাসন

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ইউরোপের ডানপন্থী গণমাধ্যমে ২৫ মিলিয়ন ডলার দেবে ট্রাম্প প্রশাসন ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ইউরোপের ডানপন্থী গণমাধ্যম ও রক্ষণশীল নাগরিক সমাজকে সহায়তা দিতে ২ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই অর্থের একটি অংশ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমভিত্তিক বিভিন্ন উদ্যোগে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ২১ আগস্ট এ তহবিল বরাদ্দের বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউরোপের রাজনীতি ও গণমাধ্যম অঙ্গনে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাবিত তহবিলের মধ্যে ৪০ লাখ ডলার রাখা হয়েছে ইউরোপে স্বাধীন সাংবাদিকদের একটি কনসোর্টিয়াম গঠন এবং ডানপন্থী সংবাদমাধ্যমকে সহায়তার জন্য। পাশাপাশি অভিবাসন, জাতীয় সার্বভৌমত্বসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ইউরোপে ‘গণতান্ত্রিক পশ্চাদপসরণ’ বিশ্লেষণের জন্য আরও ৩০ লাখ ডলার বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

সেপ্টেম্বরের শেষ নাগাদ পুরো তহবিল অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো (ডিআরএল) বলছে, এই অর্থ বরাদ্দের মূল লক্ষ্য হলো আন্তঃআটলান্টিক সম্পর্ক আরও জোরদার করা এবং মতপ্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করা। তাদের দাবি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সরাসরি অর্থায়নের উদ্দেশ্যে এই তহবিল দেওয়া হচ্ছে না।

তবে ইউরোপে একাধিক দেশে নির্বাচন সামনে থাকায় ওয়াশিংটনের এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। কয়েকটি দেশ এটিকে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো দেশের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

ফলে ইউরোপের গণমাধ্যম ও রাজনৈতিক পরিসরে মার্কিন অর্থায়নের এই উদ্যোগ নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে। একই সঙ্গে ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলোর মধ্যকার কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।