নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২
ছবি-সংগৃহীতঅনলাইন ডেস্ক:
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যয় আরও গভীর হচ্ছে। প্রতিকূল আবহাওয়া, বিধ্বস্ত সড়ক যোগাযোগ এবং দুর্গম এলাকায় পৌঁছাতে না পারায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন চার হাজারেরও বেশি মানুষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোট জেলার বেত্রাবতী এলাকায় একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এসব মরদেহ নেপালে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আইনি প্রক্রিয়া চলছে।
বন্যা ও ভূমিধসের ভয়াবহতায় নুয়াকোটের পাশাপাশি রাসুয়া জেলাতেও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
এদিকে ত্রিশুলি নদী অববাহিকায় অবস্থিত থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধারকারীরা সেখানে কাজ চালিয়ে যেতে পারছেন না।
অন্যদিকে ত্রিশুলি থ্রি-বি জলবিদ্যুৎ প্রকল্পের অন্তত ১১৮ শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়াদের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
নেপালের বিভিন্ন এলাকায় বন্যার পানির পাশাপাশি ভূমিধসে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো এবং উদ্ধারকারী দল পাঠানো—দুই কাজই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
উদ্ধারকর্মীরা বলছেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে দুর্গম এলাকাগুলোতে অভিযান আরও কঠিন হয়ে পড়তে পারে। ফলে নিখোঁজদের সন্ধান ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগতে পারে।