জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন   |   জাতীয়

জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

জিয়া উদ্যানে আয়োজিত কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি লেকে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

বিএনপি নেতারা বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শনকে সামনে রেখে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি।