জাতিসংঘে বাংলাদেশের আহ্বান: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে হবে

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

জাতিসংঘে বাংলাদেশের আহ্বান: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে হবে

নিউইয়র্ক, ২০ জুন: রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান হিসেবে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের ওপর আবারও গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশ জানিয়েছে, প্রায় এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসলেও এ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে বহন করা দেশের পক্ষে সম্ভব নয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে; ফলে এর স্থায়ী ও টেকসই সমাধানও মিয়ানমারকেই নিশ্চিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে দীর্ঘদিন ধরে এত বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার কারণে দেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তা খাতে বহুমাত্রিক চাপ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাধানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনৈতিক তৎপরতা ও সমন্বিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে একটি অনুকূল, নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই।

বক্তব্যে তিনি আরও তুলে ধরেন, আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে আগ্রহী। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা ও অব্যাহত সম্পৃক্ততার মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া এখন সময়ের দাবি।

Advertisement
Advertisement
Advertisement