ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৮ আরোহীর

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৮ আরোহীর

আন্তর্জাতিক ডেক্স নিউজ:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

বিমানঘাঁটি কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি নিয়মিত পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার সময় এতে সামরিক কর্মকর্তা, সরকারি কর্মী এবং বেসামরিক ঠিকাদারসহ মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও পরীক্ষামূলক বিমানঘাঁটি হিসেবে পরিচিত। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। বিমানটির কারিগরি ত্রুটি, যান্ত্রিক সমস্যা কিংবা অন্য কোনো কারণ দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এ ঘটনায় মার্কিন বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট সব সংস্থা যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement