জীবিকার টানে ব্রাজিলে! দুই মাসেই থেমে গেল জীবনযুদ্ধ! নিউমোনিয়ায় প্রবাসী বাংলাদেশি মুজাক্কির খানের মৃত্যু; স্বজনদের অপেক্ষা এখন নিথর দেহের জন্য
শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল):
গত শুক্রবার সাও পাওলোর একটি হাসপাতালে নিউমোনিয়াজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে ব্রাজিলপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে সম্প্রতি ব্রাজিলে আসেন মুজাক্কির খান। পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্নে বিভোর ছিলেন তিনি। বাবা-মা, স্ত্রী ও স্বজনদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়েই শুরু করেছিলেন প্রবাস জীবন। কিন্তু অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।
মুজাক্কির খানের মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম। যে মানুষটি পরিবারের জন্য নতুন স্বপ্ন বুনতে দেশ ছেড়েছিলেন, আজ তাঁর অপেক্ষায় রয়েছে শুধু একটি নিথর মরদেহ।
ব্রাজিলপ্রবাসী বাংলাদেশিরা জানান, প্রবাস জীবন শুধু স্বপ্ন আর সাফল্যের গল্প নয়; এর পেছনে থাকে অগণিত ত্যাগ, কষ্ট আর অনিশ্চয়তা। মুজাক্কির খানের মৃত্যু সেই কঠিন বাস্তবতারই আরেকটি বেদনাদায়ক স্মারক।
সাও পাওলো বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মরহুমের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
প্রবাসের মাটিতে নিভে যাওয়া এই জীবনযোদ্ধার জন্য দোয়া চেয়েছেন তাঁর স্বজন ও কমিউনিটির সদস্যরা। তাদের একটাই প্রার্থনা—মহান আল্লাহ যেন মুজাক্কির খানকে ক্ষমা করেন, তাঁর কবরকে প্রশস্ত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।