পৃথিবী গঠনে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
উজবেকিস্তান, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন):
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ)-এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও কার্যকর সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
আজ উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরখন্দে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের উৎসসমূহ যথাযথভাবে শনাক্ত করে সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা গেলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জিইএফ-এর লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অর্থায়নভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সমরখন্দে আয়োজিত জিইএফ সম্মেলনে বিশ্বের ১৮৬টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং বিভিন্ন খাতের অংশীজনরা অংশগ্রহণ করছেন।