ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, পারমাণবিক কর্মসূচি বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত ট্রাম্পের

 প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, পারমাণবিক কর্মসূচি বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেক্সঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা ও সম্ভাব্য চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে চুক্তি চূড়ান্ত করার স্বার্থে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এ ধরনের সাক্ষাতের বিষয়ে তাঁর কোনো ব্যক্তিগত আগ্রহ নেই বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প এসব মন্তব্য করেন।

এ সময় তিনি স্পষ্টভাবে জানান, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কার্যক্রমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তার নীতিগত অবস্থানে অটল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট আঞ্চলিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক অবস্থানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের প্রাণহানির ঘটনা ঘটলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ওয়াশিংটন দ্বিধা করবে না।

সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আলোচনা এখনও চলমান রয়েছে। আলোচনার অগ্রগতি ও চূড়ান্ত সিদ্ধান্তের পর যথাসময়ে সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।

পর্যবেক্ষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Advertisement
Advertisement
Advertisement