উজবেকিস্তানে ‘বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক: তরুণদের ক্ষমতায়ন ও সম্পৃক্ততা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

উজবেকিস্তানে ‘বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক: তরুণদের ক্ষমতায়ন ও সম্পৃক্ততা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

তাসখন্দ, উজবেকিস্তান, ৬ আগস্ট:

উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে গতকাল ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেক্টর, ডেপুটি-রেক্টর ও শিক্ষকদের অংশগ্রহণে ‘বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক: তরুণদের ক্ষমতায়ন ও সম্পৃক্ততা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় এ বৈঠকে বক্তব্য রাখেন উজবেকিস্তান ডিপ্লোম্যাট বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. উমিদ মাহামুদভ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব ইকোনোমি ও ডিপ্লোম্যাসির ডেপুটি রেক্টর ড. মোজাফফর জালালভ।

দিনব্যাপী অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

 গোলটেবিল বৈঠকে রাষ্ট্রদূত ড. ইসলাম তাঁর বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে তরুণ ও ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা ও নেতৃত্বের বর্ণনা করেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও পটভূমির ওপর আলোকপাত করে তিনি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সংগ্রাম, প্রত্যয় ও সংকল্পের কথা তুলে ধরেন। তাছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ ও উজবেকিস্তানের সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রযাত্রার কথা উল্লেখ করেন এবং এ সম্পর্ককে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে দু’দেশের তরুণ সমাজের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। কৃষি, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, ঔষধ, টেক্সটাইল, খেলাধুলা ও সংস্কৃতি খাতসমূহে দু'দেশের তরুণদের পারস্পরিক স্বার্থে অবদান রাখার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। দু'দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘শিক্ষার্থী বিনিময়’ কার্যক্রমের সূচনা করা যেতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 এদিনে উজবেকিস্তান আর্ট একাডেমির তরুণ চিত্রশিল্পীদের অংশগ্রহণে ‘বাংলাদেশ: তারুণ্যের কন্ঠস্বর’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর্ট একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সেদেশের একাডেমিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় তারা দূতাবাসে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে প্রদর্শিত ছবিগুলো ঘুরে দেখেন। 

Advertisement
Advertisement
Advertisement