নিউ মার্কেটে বুলডোজার দাপট: অনুমতি ছাড়াই বিজয় মিছিল, গ্রেপ্তার ৮

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

নিউ মার্কেটে বুলডোজার দাপট: অনুমতি ছাড়াই বিজয় মিছিল, গ্রেপ্তার ৮

আন্তর্জাতিক ডেক্স নিউজ:

কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে বিজয় মিছিল বের করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। অনুমতিহীন এই মিছিলে বুলডোজারের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠামাত্রই নড়েচড়ে বসেছে লালবাজার। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং বুলডোজারের মালিক ও চালকের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে। শহরের ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় একটি রাজনৈতিক দলের বিজয় মিছিলকে কেন্দ্র করে এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের কাছ থেকে সাধারণ মিছিলের অনুমতি থাকলেও, বুলডোজার নিয়ে মিছিল করার কোনও অনুমতি ছিল না। কিন্তু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জনাকীর্ণ রাস্তায় আস্ত এক বুলডোজার নিয়ে জাঁকিয়ে মিছিল করতে দেখা যায় দলীয় কর্মী-সমর্থকদের। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র সমালোচনার ঝড় ওঠে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্পূর্ণ বেআইনিভাবে এই বুলডোজার এলাকায় আনা হয়েছিল। ঘটনার গুরুত্ব অনুধাবন করে নিউ মার্কেট থানা অবিলম্বে মামলা রুজু করে তদন্ত শুরু করে। বুধবার বিকেলের দিকে চারজনকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার মধ্যে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার জল যে বহুদূর গড়িয়েছে, তা স্পষ্ট হয়ে ওঠে বিকেলে লালবাজারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে। অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় নন্দ কড়া ভাষায় সতর্কবার্তা দিয়ে জানান, কোনোভাবেই কোনো মিছিলে জেসিবি বা বুলডোজার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, “যারা বুলডোজার ভাড়া দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” ভবানী ভবন থেকেও রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত একই বার্তা দিয়ে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও বিতর্ক তুঙ্গে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি, পুলিশের উপস্থিতিতেই এই বুলডোজার মিছিল চলেছে এবং এটি রাজনৈতিক জয়ের উদ্‌যাপনের একটি অংশ ছিল। যদিও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বক্তব্য, মিছিলে বুলডোজার ব্যবহারের অনুমতি ছিল না। তবে ওই বুলডোজার দিয়ে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে এখনও কোনো নির্দিষ্ট অভিযোগ জমা পড়েনি।

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলের সঙ্গে যুক্ত অন্যান্যদের চিহ্নিত করার কাজ চলছে। আইন শৃঙ্খলার খাতিরে এই ধরণের বেআইনি কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউ মার্কেট চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement