Las Mujeres Ya No Lloran World Tour: শাকিরার তালে রিও, সুরে ভাসলো ব্রাজিল, ভক্তদের ঢল দেশজুড়ে
শাহনুর রুমের | ব্রাজিল প্রতিনিধি
বিশ্বসংগীতের উজ্জ্বল নক্ষত্র Shakira আবারও প্রমাণ করলেন কেন তিনি বৈশ্বিক মঞ্চের অন্যতম শীর্ষ পারফরমার। তার বহুল আলোচিত Las Mujeres Ya No Lloran World Tour-এর অংশ হিসেবে গতকাল রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত কনসার্টে সৃষ্টি হয় এক অভূতপূর্ব সংগীতমুখর পরিবেশ।
শহরের অন্যতম বড় ভেন্যুতে আয়োজিত এই কনসার্টে শুরু থেকেই ছিল দর্শকদের উচ্ছ্বাস! লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতি যেন এক সাগরসম জনসমুদ্রের রূপ নেয়। শাকিরা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
তার জনপ্রিয় সব গান ল্যাটিন পপ, রক ও ডান্সের মিশেলে দর্শকদের মাতিয়ে রাখে পুরো সময়জুড়ে। প্রতিটি পারফরম্যান্সে ছিল নিখুঁত কোরিওগ্রাফি, শক্তিশালী ভোকাল এবং চোখ ধাঁধানো লাইট ও ভিজ্যুয়াল ইফেক্ট। বিশেষ করে তার স্বাক্ষর বেলি ডান্স এবং মঞ্চ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে রাখে।
কনসার্টে উপস্থিত অনেক ভক্তই বলেন, এটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ব্রাজিলের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা শাকিরার গানে গলা মিলিয়ে পুরো ভেন্যুকে এক বিশাল কোরাসে পরিণত করেন।
এই আয়োজন শুধু রিও নয়, পুরো ব্রাজিলজুড়েই আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কনসার্টের নানা মুহূর্ত, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আন্তর্জাতিক এই ট্যুরের ব্রাজিল পর্ব যে স্মরণীয় হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।
বিশ্ব ট্যুরের এই ধাপ শেষে শাকিরা তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাবেন, তবে রিওর এই রাত ভক্তদের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে সুর, তালে আর আবেগে ভরা এক অবিস্মরণীয় সন্ধ্যা হিসেবে।