পশ্চিমবঙ্গ নির্বাচন: বুথফেরত সমীক্ষা ঘিরে বিতর্ক, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়

 প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ নির্বাচন: বুথফেরত সমীক্ষা ঘিরে বিতর্ক, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়


ডেক্স নিউজ:

পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনকে ঘিরে বুথফেরত সমীক্ষা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সম্ভাব্য জয়ের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

এক ভিডিওবার্তায় তিনি দাবি করেন, এবারের নির্বাচনে তাঁর দল উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং ২২৬টিরও বেশি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। অপরদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বুথফেরত সমীক্ষায় ভিন্ন চিত্র উঠে এসেছে, যেখানে ভারতীয় জনতা পার্টির এগিয়ে থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।

সমীক্ষাগুলোকে প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এসব ফলাফল প্রভাবিত এবং পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোটার ও দলের কর্মীদের মনোবল দুর্বল করার উদ্দেশ্যেই এ ধরনের তথ্য প্রচার করা হচ্ছে।

তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিকূল আবহাওয়া ও নানা চাপ সত্ত্বেও সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। পাশাপাশি দলের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন, যারা বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন।

ভিডিওবার্তায় তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের কিছু অংশ পক্ষপাতমূলক আচরণ করেছে এবং সাধারণ ভোটারদের ওপর চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে।

বুথফেরত সমীক্ষার সম্ভাব্য প্রভাব নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি উল্লেখ করেন, চূড়ান্ত ফলাফল প্রকাশের পর আর্থিক বাজারেও প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এ কারণে পূর্বপরিকল্পিতভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

গণনার দিনকে সামনে রেখে দলীয় প্রার্থী ও কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণনাকেন্দ্রে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করতে হবে। সম্ভাব্য অনিয়ম রোধে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন থাকার নির্দেশ দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনিও গণনা প্রক্রিয়ার ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখবেন এবং নির্বাচনে তাঁর দলের জয়ের ব্যাপারে পূর্ণ আস্থা রাখছেন।

বর্তমানে নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক দলসমূহ ও সাধারণ জনগণ। গণনার দিনকে কেন্দ্র করে পরিস্থিতি কী রূপ নেয়, সে দিকেই এখন সবার দৃষ্টি নিবদ্ধ।

Advertisement
Advertisement
Advertisement